প্রধান খবর

জ্বালানি ও উন্নয়ন খাতে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব চীনের

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ও সৌরবিদ্যুৎ খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ কথা জানান। তিনি উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করে সবুজ জ্বালানির দিকে অগ্রসর হওয়ার জন্য এটিই বাংলাদেশের উপযুক্ত সময়।

দ্বিপাক্ষিক বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প এবং ঢাকার বস্তি আধুনিকীকরণ নিয়ে বিশদ আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রিক প্রথম প্রকল্পটির সকল প্রস্তুতি চূড়ান্ত হয়েছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘটবে। একইসঙ্গে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বস্তি আধুনিকীকরণ প্রকল্পকে চীন অগ্রাধিকারমূলক সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন তিনি।

এছাড়া চীন-বাংলাদেশ যৌথ ইশতেহারের আওতায় চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দর ও তিস্তা নদী সম্পর্কিত উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমন্বয় বাড়াতে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধি সম্পর্কিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *