প্রধান খবর

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেপ্তার ১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় টহল ও তল্লাশি জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে সেনাবাহিনীর ছয়টি ইউনিট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপি। দলটির নেতারা সম্ভাব্য যেকোনো নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকেও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *