ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই আসরে যুক্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’ পর্ব, যেখানে ৩২টি দল অংশ নেবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউটে জায়গা পাবে।
এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট পাওয়া দলগুলোর অবস্থান নির্ধারণে গোল ব্যবধানের আগে হেড-টু-হেড ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই নিয়মের প্রভাব ইতোমধ্যে দেখা গেছে কয়েকটি গ্রুপে, যেখানে কিছু দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেভাগেই।
এ পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স এবং নরওয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে দলগুলো শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। বিশেষ করে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি, আর ফ্রান্সের হয়ে জ্বলে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া এবং জর্ডানের। টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় দল হওয়ার সুযোগও হারিয়েছে এসব দল।
গ্রুপ পর্বের খেলা চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর ২৮ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

