২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ গোলরক্ষণের প্রদর্শনী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তিনি শুধু ম্যাচসেরার স্বীকৃতিই অর্জন করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।
ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার। তবে স্পেনের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে ২৭ লাখেরও বেশি হয়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনুসরণ করতে শুরু করেন।
ম্যাচে স্পেন মোট ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। কিন্তু ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক চমৎকার সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার অনবদ্য পারফরম্যান্সে বিশ্বকাপ অভিষেক ম্যাচেই স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে।
এদিকে, এই ম্যাচে ক্লিন শিট রেখে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এমন কীর্তি গড়া গোলরক্ষকের রেকর্ডও নিজের করে নিয়েছেন ভোজিনহা। একই সঙ্গে ফিফার পক্ষ থেকে তাকে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন বৃদ্ধি পাওয়ার প্রতিক্রিয়ায় ভোজিনহা সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “পাগলাটে!” যা তার আকস্মিক জনপ্রিয়তার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

