প্রধান খবর

নেটওয়ার্ক সংকটে আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনলাইন হাজিরা নিশ্চিত করতে মোবাইল নেটওয়ার্কের সন্ধানে আমগাছে উঠে উপস্থিতি পাঠানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়নের প্রথম দিনেই তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন।

সোমবার (১৫ জুন) রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনলাইন হাজিরা কার্যক্রম চালু করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার মধ্যে হাজিরা খাতার ছবি তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝামাঝি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। বিদ্যালয়ের ছাদ ও আশপাশের বিভিন্ন স্থানে চেষ্টা করেও সংযোগ না পেয়ে তিনি পাহাড়ের চূড়ায় ওঠেন। পরবর্তীতে একটি আমগাছের ডালে উঠে নেটওয়ার্ক পেয়ে অনলাইনে হাজিরা পাঠাতে সক্ষম হন।

তিনি বলেন, চাকরির দায়িত্ব পালনের স্বার্থে বাধ্য হয়েই ঝুঁকি নিতে হয়েছে। তবে নেটওয়ার্কজনিত কারণে হাজিরা পাঠাতে বিলম্ব হওয়ায় তাঁকে ভর্ৎসনারও মুখোমুখি হতে হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষকরা বিকল্প উপায়ে তথ্য জানিয়েছেন। ভবিষ্যতে অনলাইন উপস্থিতির হার আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *