জার্মানির বার্লিনে অনুষ্ঠিত তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার সফর বাতিল করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে সম্মেলনের ওয়েবসাইট থেকে বক্তা হিসেবে তার নামও সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের সদস্য আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড. ইউনূস। এর আগে আয়োজকদের ওয়েবসাইটে একটি সেশনের বক্তা হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছিল।
রবিবার শুরু হওয়া এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের একটি সেশনে ডা. জোবাইদা রহমানেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে ড. ইউনূসের অংশগ্রহণ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল ইউরোপভিত্তিক কয়েকটি সংগঠন। বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন স্বাধীনভাবে পর্যালোচনার দাবি জানিয়ে আয়োজকদের কাছে একটি পিটিশনও জমা দিয়েছিল তারা।

