প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে নির্ধারিত সফর বাতিল করে দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটি সম্মেলনে অংশ নিতে রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন ডা. জাহেদ উর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম একটি নিরাপত্তা নজরদারি তালিকায় শনাক্ত হওয়ায় অতিরিক্ত যাচাইয়ের জন্য তাকে আটকে রাখা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত নিয়ে পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। পূর্বে একটি সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট কালোতালিকা থেকে তার নাম অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের নজরদারি তালিকায় যথাসময়ে সংযোজিত হয়নি।
ফলে বিমানবন্দরের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত যাচাইয়ের সম্মুখীন হতে হয়। এ ঘটনার কারণে তার নির্ধারিত সরকারি সফর সম্পন্ন করা সম্ভব হয়নি।

