নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে দীর্ঘ ৩৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের হুমাইয়ারা নিলুফা বেগম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে দায়িত্ব পালনকালে এবং অবসরের পরও তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে প্রায় ১০ হাজার শিশুর জন্মদান করিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন।
১৯৯০ সালে সরকারি চাকরিজীবন শুরু করা নিলুফা বেগম মানিকগঞ্জের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পুরো সময়জুড়ে তিনি প্রসূতি মায়েদের নিরাপদ ও স্বাভাবিক প্রসবে উৎসাহিত করেছেন। তার দক্ষতা, অভিজ্ঞতা ও মানবিক সেবার কারণে হাজারো পরিবার তার প্রতি আস্থা রেখেছে।
২০২৩ সালে অবসরের পর স্বামীর শেষ ইচ্ছা বাস্তবায়নে তিনি প্রতিষ্ঠা করেন ১০ শয্যাবিশিষ্ট ‘হাটিপাড়া সেবা সদন হাসপাতাল’। বর্তমানে সেখানে স্বল্প খরচে নরমাল ডেলিভারির সেবা প্রদান করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে আগত প্রসূতি মায়েরা তার তত্ত্বাবধানে নিরাপদ মাতৃত্বসেবা গ্রহণ করছেন।
মিডওয়াইফারি ও মেনস্ট্রুয়াল রেগুলেশন (এমআর) বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিলুফা বেগম প্রতি মাসে গড়ে ৩৫টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। স্থানীয়দের মতে, তার আন্তরিকতা ও দক্ষতার কারণে হাসপাতালটি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।
নিলুফা বেগম বলেন, মা ও শিশুর মৃত্যুহার কমানোর লক্ষ্যেই তিনি নরমাল ডেলিভারির ওপর গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বল্প খরচে মানসম্মত মাতৃত্বসেবা নিশ্চিত করতে কাজ করে যেতে চান তিনি।

