প্রধান খবর

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে, মিরপুরে সকাল থেকে ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই উত্তাপহীন এই নির্বাচনের একই চিত্র দেখা গেছে আজও প্রথম ভোট পড়তে সময় লেগেছে প্রায় ৩৫ মিনিট।

স্টেডিয়াম এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার কারণে চলাচলও সীমিত রাখা হয়েছে। সকাল থেকেই কাউন্সিলর, জেলা-বিভাগের প্রতিনিধি এবং পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকায় নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে জমে ওঠে। ঢাকার বিভিন্ন ক্লাব প্রতিনিধিরাও সকালে এসে ভোটকেন্দ্রে যোগ দেন।

তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি না থাকায় পরিচালকদের প্রায় অর্ধেকই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় বাকি পদগুলোর ফলাফল নিশ্চিত হবে।

জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *