প্রধান খবর

মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তিতে ক্ষুব্ধ ম্যাডোনা

প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে মানুষের জীবনযাপন আমূল বদলে গেছে। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে, আর গানের আসরেও মানুষ আর আগের মতো মন দিয়ে গান শোনে না এমনই ক্ষোভ প্রকাশ করেছেন পপ কুইন ম্যাডোনা।

তার অভিযোগ, দর্শকরা এখন গানের তালে দোলার বদলে মোবাইল ফোনে ভিডিও-ছবি ধারণ করতেই বেশি ব্যস্ত। তাই কনসার্টে উপস্থিত সবার উদ্দেশে তিনি স্পষ্টভাবে বলেন “ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।”

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয় কনফেশন ২: দ্য ফিল্ম এর প্রিমিয়ার। ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবামকে কেন্দ্র করে নির্মিত এই তথ্যচিত্রের প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে।

ম্যাডোনা বলেন, মানুষের মধ্যে এখন সবকিছু নথিভুক্ত করে রাখার এক প্রবণতা তৈরি হয়েছে, যা জীবনযাপনকেই বদলে দিয়েছে। কিন্তু তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। তার ভাষায়, “আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।”

সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান পরিবেশন করেন ম্যাডোনা। সেখানে তিনি লক্ষ্য করেন, দর্শক সারিতে সবাই ফোনের স্ক্রিনে ব্যস্ত। তিনি বলেন, “মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে অসংখ্য মোবাইল স্ক্রিন দেখা সত্যিই অস্বস্তিকর।

নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। কিন্তু এখন মানুষ মুহূর্ত উপভোগ করার বদলে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত, ফলে আত্মার সেই সংযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে কনফেশন ২ তথ্যচিত্রটি, আর অ্যালবামটি বাজারে আসবে ৩ জুলাই। তবে এখনো পর্যন্ত এই অ্যালবামকে ঘিরে কোনো কনসার্ট ট্যুরের ঘোষণা দেননি ম্যাডোনা। ১৯ জুলাই তাকে দেখা যাবে ফিফা বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *