প্রধান খবর

কসবায় বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির জব্দ করা চোরাই পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাইপণ্য এনে নয়নপুর বাজারের গুদামে মজুত করে চোরাকারবারিরা। পরে সুযোগ বুঝে এসব পণ্য বিভিন্ন স্থানে পাচার করা হয়। বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাইপণ্য পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা গিয়ে গাড়িটি জব্দ করেন।

জব্দের পর চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে গাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আরও লোকজন জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজিবি সদস্যদের ওপর হামলার আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত রক্তপাত এড়াতে বিজিবি বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেয়।

বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব তৈরি করে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *