প্রধান খবর

মাগুরা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু: মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সংশয়

মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (৪০) নামের এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে মারা যান তিনি। মাদক মামলায় এক বছর দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত এই কয়েদির হঠাৎ মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে তার পরিবার।

নিহত নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর তিনি মাগুরা জেলা কারাগারে প্রবেশ করেন। সেখানে তার কয়েদি নম্বর ছিল ৭৪৭৪/এ। তবে কারাগারে যাওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ও পরবর্তী মৃত্যুর খবরে হতবাক স্বজনেরা।

নিহতের স্বজনদের দাবি, কারাগারে প্রবেশের সময় নূর আলম সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিলেন। হঠাৎ তার অসুস্থতা এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংবাদ প্রদান করাকে রহস্যজনক বলে মনে করছেন তারা। নিহতের ভাই মঞ্জুরুল আলম অভিযোগ করেন, ভাইয়ের মৃত্যুর পেছনে কী কারণ ছিল তা নিয়ে তাদের মনে গভীর সন্দেহ রয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর নূর আলম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নূর আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল ও আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *