কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ফরিদা।
মঙ্গলবার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, উভয়েই সংসদ সদস্য এবং প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদা ইয়াসমিন বলেন, জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। আমির হামজা তাঁকে ও তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয়। দলের ওপর বিচারের ভার ছেড়ে দিয়ে উপযুক্ত বিচার চান বলেও জানান তিনি।
এদিকে বক্তব্যের প্রতিবাদে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ ও ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। সম্প্রতি দৌলতপুরে এক সভায় আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। ওই বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত না হওয়া ও তাঁদের সাংবিধানিক গুরুত্ব নিয়ে মন্তব্য করেন তিনি।

