পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি শেষে আদালত যেকোনো দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করতে পারেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। বিচারক মামলার ১৬ জন সাক্ষীর গুরুত্বপূর্ণ সাক্ষ্য, ভিডিও প্রমাণ এবং উদ্ধারকৃত আলামতের বিষয়গুলো আসামিদের সামনে উপস্থাপন করেন। এতে রামিসাকে খোঁজার প্রক্রিয়া, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের ঘটনাগুলো উঠে আসে।
একই সঙ্গে অভিযোগ অনুযায়ী, স্বপ্না আক্তার কীভাবে সোহেল রানাকে পালাতে সহায়তা করেছিলেন, সে বিষয়টিও আদালতে উল্লেখ করা হয়। শুনানিকালে সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে স্বপ্না আক্তার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
দুই আসামির বক্তব্য রেকর্ড করার পর আদালত আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেন। মামলার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছানোয় এখন রায়ের তারিখ ঘোষণার দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

