প্রধান খবর

সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

সীমিত ওভারের ক্রিকেটে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। এর মাধ্যমে ওয়ানডেতে চারিথ আসালাঙ্কা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে ১৭টি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে কুশল মেন্ডিসের। নতুন দায়িত্ব পাওয়ার পর তার নেতৃত্বে দলকে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার প্রত্যাশা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ-হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন। এছাড়া কাঁধের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা।

টি-টোয়েন্টি দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। একই সঙ্গে টেস্ট স্কোয়াডে ফিরেছেন নিশান মাদুশকা ও রমেশ মেন্ডিস।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামী ৩ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *