প্রধান খবর

সন্তান অপহরণচেষ্টা মামলায় নারী কারাগারে

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর এলাকা থেকে নার্গিস আক্তার মুক্তা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে দায়ের করা সন্তান অপহরণের চেষ্টাসহ একাধিক অভিযোগের মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী ব্যবসায়ী মাহমুদুল হক ভূঁইয়ার অভিযোগ, তালাকের পর সাবেক স্ত্রী বিভিন্নভাবে তার কাছে অর্থ দাবি করেন। একপর্যায়ে বোরকা পরা এক নারীকে দিয়ে চট্টগ্রামের একটি স্কুল থেকে সন্তানদের বের করে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষের সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

মামলার তদন্তে আরও অভিযোগ উঠে আসে, স্থানীয় কিছু সন্ত্রাসীচক্রকে ব্যবহার করে বাদীর সন্তানদের ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *