ম্যাচের একেবারে শেষ মুহূর্ত। ডান দিক থেকে হিরাকাওয়ার লম্বা ক্রসে বল ধরতে গিয়ে ভুল করেন মিডলসবোরো গোলকিপার ব্রাইন। ঠিক সেই মুহূর্তে বল এসে পড়ে অলি ম্যাকবার্নির সামনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করতে ভুল করেননি তিনি। তার ৯৪তম মিনিটের সেই নাটকীয় গোলেই হাল সিটি দশ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে।
চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল প্ল-অফ ফাইনালে মিডলসবোরোর থাকার কথা ছিল না। ‘স্পাইগেট কেলেঙ্কারি’তে সাউদাম্পটন বহিষ্কার হওয়ায় তারা আকস্মিক সুযোগ পায়। প্রস্তুতির ঘাটতি ম্যাচজুড়েই ছিল স্পষ্ট।
২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর কঠিন সময় পার করেছে হাল সিটি। একসময় তারা লিগ ওয়ানেও নেমে গিয়েছিল। বারবার পরিবর্তন, অস্থিরতা আর হতাশাজনক পারফরম্যান্সে শীর্ষ লিগে ফেরার স্বপ্ন প্রায় নিভে গিয়েছিল।
কিন্তু সার্গেজ জাকিরেভিচ দায়িত্ব নেওয়ার পর দলটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ২০২৪-২৫ মৌসুমে কোনোরকমে রেলিগেশন এড়ানোর পর এবারের মৌসুমে তারা সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়। ধারাবাহিকতা ধরে রেখে লড়াকু দল হয়ে ওঠে এবং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে মিলওয়ালকে হারায়। আর ফাইনালে সিনেমার মতো সমাপ্তি ম্যাকবার্নির সেই গোলেই ইতিহাসের স্মরণীয় প্রত্যাবর্তন।

