প্রধান খবর

দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নুতে পাকিস্তানের অভিযান, টিটিপি কমান্ডার জান মীরসহ ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যা বহু বছর ধরে পাকিস্তানে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এর এক কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন জঙ্গি নিহত হয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে আসছে, যা পাকিস্তানের জন্য বড় নিরাপত্তা হুমকি।

জান মীর ছিলেন পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি। নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর একাধিক হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার মাথার দাম ঘোষণা করেছিল সরকার। পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। বৃহস্পতিবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গত ৪৮ ঘণ্টায় দক্ষিণ ওয়াজিরিস্তানের দাত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নুর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এই জঙ্গিরা নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, জান মীর ছিলেন ফিৎনা আল খারিজিদের রিং লিডারদের একজন এবং তার মৃত্যু দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপির কার্যক্রমের জন্য বড় আঘাত। অভিযানে টিটিপির গোপন ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম ও বান্নুর ঘাঁটিগুলোতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার তৈরি করেছিল টিটিপি। সেনাবাহিনী সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *