দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন আমেরিকান মুল্লুকে পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। দিনের হিসেবে তিন সপ্তাহেরও কম সময় বাকি, অথচ বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা থাকার কথা সেটাই যেন হারিয়ে গেছে। মাঠের ফুটবল, দলবদল বা তারকাদের গল্পের বদলে আলোচনায় এখন টিকিটের আকাশছোঁয়া দাম, ভিসা জটিলতা, রাজনৈতিক উত্তেজনা আর আয়োজন ঘিরে নানা বিতর্ক।
২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এর মধ্যে মেক্সিকো বরাবরই বিক্ষোভ ও সহিংসতার জন্য পরিচিত, আর আসন্ন বিশ্বকাপ ঘিরেও সেখানে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে হোস্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সর্বশেষ বিতর্ক তৈরি হয়েছে ডালাস শহরে, যেখানে বিশ্বকাপ উপলক্ষে নতুন আর্টওয়ার্ক বসানোর জন্য বিখ্যাত এক দেয়ালচিত্র মুছে ফেলা হয়েছে। শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড অভিযোগ করেছেন, তাকে না জানিয়েই তার সৃষ্টিকর্ম সরিয়ে ফেলা হয়েছে এবং তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অনেকে এই ঘটনাকে ২০২৬ বিশ্বকাপের বর্তমান বাস্তবতার প্রতীক হিসেবে দেখছেন টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই ফুটবল, নেই খেলোয়াড়দের প্রস্তুতি বা সমর্থকদের গল্প। বরং জায়গা দখল করে আছে অসন্তোষ, বিতর্ক আর অনিশ্চয়তা।

