প্রধান খবর

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব: ৬ জনের দেহে শনাক্ত, ৩ জনের মৃত্যু

বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে হান্টাভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে , যাদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। সংক্রমণের এই ধারাটি মূলত ‘অ্যান্ডিস ভাইরাস’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা হান্টাভাইরাসের একটি বিশেষ ধরন।

ডব্লিউএইচওর প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি প্রমোদতরীতে (ক্রুজ জাহাজ) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ৮ মে পর্যন্ত মোট আটজনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে  চারজন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংস্থাটির ধারণা, প্রথম আক্রান্ত ব্যক্তি সম্ভবত প্রমোদতরীতে ওঠার আগেই আর্জেন্টিনা ও চিলি সফরের সময় সংক্রমিত হয়েছিলেন। পরবর্তীতে জাহাজের সীমাবদ্ধ পরিবেশে অন্য যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

বর্তমানে জাহাজটিতে ১৭ জন মার্কিন নাগরিক অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শুক্রবার জানিয়েছে, তারা মার্কিন নাগরিকদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে একটি বিশেষ ‘মেডিক্যাল রিপ্যাট্রিয়েশন’ ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের নেব্রাস্কার ওমাহায় সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের।

ক্রুজ অপারেটর ‘ওশেনওয়াইড এক্সপেডিশনস’ জানিয়েছে, প্রাদুর্ভাবের খবর প্রকাশের সময় জাহাজটিতে ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। জাহাজটি বর্তমানে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে যাত্রীদের নামিয়ে দেওয়ার কথা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ বৈশ্বিক জনসংখ্যার জন্য এই সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম হলেও জাহাজে থাকা ব্যক্তিদের জন্য এটি মাঝারি মাত্রার ঝুঁকি তৈরি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও ভাইরাসের ভয়াবহতা নিয়ে উদ্বেগ রয়েছে, তবুও ডব্লিউএইচও আশ্বস্ত করেছে যে এটি কোনো নতুন বৈশ্বিক মহামারির পূর্বাভাস নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *