পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের মধ্যেই শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটে নিজের বাড়ির চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এরও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে আয়োজিত এই রবীন্দ্রজয়ন্তী হবে তার নির্বাচনে পরাজয়ের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। দলের নেতৃত্বস্থানীয় সদস্যদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন তার মন্ত্রিসভার সাবেক সদস্য ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। বড় আয়োজন না হলেও সময়ের প্রেক্ষাপটে এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করা হয়েছে, তিনটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। এরই মধ্যে তৃণমূল কেন্দ্রীয় কমিটি দলের সর্বস্তরে বার্তা দিয়েছে যেখানে সম্ভব, সেখানে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে। তবে ক্ষমতায় থাকার সময় যে সাড়ম্বরে অনুষ্ঠান করা হতো, বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই দলীয় নেতৃত্ব মনে করছে। এখন দলের অগ্রাধিকার ‘আক্রান্ত’ কর্মীদের পাশে দাঁড়ানো।
শনিবারের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। কয়েক দিন আগে কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করে তিনি জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন ‘বিজেপির হামলার প্রতিবাদে’ মিছিল করার জন্য। তবে রাজ্যের সর্বত্র সেই পরিবেশ নেই বলে জানিয়েছেন তৃণমূলের জেলা পর্যায়ের নেতারা।

