বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শক (এসআই) অভিযোগ তদন্তের দায়িত্ব পালনকালে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে প্রত্যাহার হয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে। তদন্তের প্রয়োজনে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তদন্ত পরিচালনা করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনুসন্ধানে সংশ্লিষ্ট দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার পর রোববার (১২ জুলাই) এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান, প্রত্যাহারের আদেশ পাওয়ার পর এসআই মোস্তাফিজার রহমানকে যথাযথ প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

