প্রধান খবর

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানার মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ দেশে পৌঁছেছে। গত ১৬ এপ্রিল তিনি ও তার সহপাঠী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে পরিবার বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ কে।

জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার কালো ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। একই ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ গঠন করা হয়েছে।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং সমাবর্তনে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

জামিল খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং ইউএসএফ-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাহিদার মরদেহ ঢাকায় পৌঁছায়। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মরদেহ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিলের মরদেহ ৪ মে দেশে পৌঁছায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *