সিরি নিয়ে বিভ্রান্তির অভিযোগে জরিমানা দেবে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে প্রায় ২৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে প্রযুক্তি জায়ান্ট Apple। যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি ক্লাস অ্যাকশন মামলার সমঝোতার অংশ হিসেবে এই অর্থ পরিশোধে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি, যা প্রায় ৩ কোটির বেশি গ্রাহকের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করা হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যম The Straits Times-এর প্রতিবেদন অনুযায়ী, আইফোনের বিক্রি বাড়াতে প্রতিষ্ঠানটি এআই-সমর্থিত সিরি ফিচার নিয়ে এমন কিছু দাবি করেছিল, যা তখনও বাস্তবায়ন হয়নি। অভিযোগ রয়েছে, এসব সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি এবং নিকট ভবিষ্যতেও তা নিশ্চিত নয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন তদারকি সংস্থা Better Business Bureau National Advertising Division জানায়, নতুন এআই ফিচার সম্পর্কিত প্রচারণায় ভোক্তাদের ভুল ধারণা দেওয়া হয়েছে। যদিও আদালতে দাখিল করা নথিতে অ্যাপল কোনো দায় স্বীকার করেনি, তবুও সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পথে এগিয়েছে।

মামলার আওতায় থাকা ডিভাইসগুলোর মধ্যে iPhone 16, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max উল্লেখযোগ্য। এসব ডিভাইস ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে। প্রতিটি ডিভাইসের জন্য গ্রাহকরা ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

ভোক্তাদের পক্ষে আইনজীবীরা এ সমঝোতাকে প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। আগামী ১৭ জুন সংশ্লিষ্ট আদালতে শুনানির মাধ্যমে এই সমঝোতা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *