সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত ২৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মৃত শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন।
বাংলাদেশ হজ অফিস, মদিনা সূত্রে জানা গেছে, অসুস্থতাবোধ করলে তিনি মদিনায় অবস্থিত হজ অফিসের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরদিন ফজরের নামাজের পর মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এ নিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

