তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ও গুঞ্জনের শেষ নেই। তবে এসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং বিয়ের আগে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার পক্ষেও নন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, তিনি এখন একেবারেই সিঙ্গেল। তার ভাষায়, বিয়ের দিনই সবাই তার সম্পর্কের কথা জানতে পারবে। সম্পর্কের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়; বন্ধুত্বপূর্ণ সম্পর্কও হতে পারে, যেখানে নানা জটিলতা ও পরিবর্তন স্বাভাবিক।
অভিনেত্রীর মতে, জীবনের সঙ্গে সঙ্গে সম্পর্কের রূপও বদলায়। প্রেম ছাড়াও বিভিন্ন ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসার বাস্তবতা রয়েছে, যা জীবনেরই অংশ। তাই এসব বিষয়কে তিনি খুব স্বাভাবিকভাবেই দেখেন।
ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন, যা আসন্ন ঈদে মুক্তির কথা রয়েছে। সামনে আরও নতুন ওয়েব প্রজেক্টের কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।

