নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে নিজের গতির ঝড়ে বিপর্যস্ত করে দিয়েছেন নাহিদ রানা। তার দুর্দান্ত বোলিংয়ে দুইশ রানের আগেই অলআউট হয়েছে সফরকারীরা, থেমেছে ১৯৮ রানে।
সোমবার (২০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামর সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি দলটি।
নিজের প্রথম ওভারেই আঘাত হানেন নাহিদ। ১৩ রান করা হেনরি নিকোলসকে ফিরিয়ে সূচনা করেন তিনি। পরের ওভারেই উইল ইয়াংকে বিদায় করে দ্রুত দুই উইকেট তুলে নেন এই পেসার। এরপর মোহাম্মদ আব্বাস ও নিক কেলির জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেই জুটিও ভেঙে দেন নাহিদ।
নিক কেলি অর্ধশতক তুলে দলকে কিছুটা টানলেও তাকে থামান শরিফুল ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। ডিন ফক্সক্রফটকেও ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন নাহিদ।
শেষ দিকে ব্লেয়ার টিকনার ও জেইডেন লেনক্সকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। শেষ উইকেটটি নেন তাসকিন আহমেদ, আর তাতেই ১৯৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের বোলারদের সম্মিলিত দাপটে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে স্বাগতিকরা।

