যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার ভোরে লেবানন সেনাবাহিনী জানায়, মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনী বিভিন্ন গ্রামে বিরতিহীনভাবে গোলাবর্ষণ করছে।
এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে এখনই সেখানে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে লেবানন সেনাবাহিনী। তারা বলেছে, পরিস্থিতি নিরাপদ নয় এবং যেকোনো সময় নতুন হামলা হতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে তারা সতর্ক করে বলেছিল, তাদের সেনারা এখনো লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। নিজেদের নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দাদের লিটানি নদীর এ প্রান্তে ইসরায়েলি সীমান্তের কাছে না আসার অনুরোধও জানানো হয়।

