দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার মতে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হলে পরিস্থিতি আরও দ্রুত উন্নতির দিকে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
শুক্রবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার কোনো ঘাটতি নেই এবং ভ্যাকসিন মজুত পর্যাপ্ত রয়েছে। গ্রামাঞ্চলসহ সারাদেশে যে পরিমাণ টিকা হাতে আছে, তা দিয়ে আগামী জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, হাম প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের সন্তানদের টিকা নিতে উৎসাহিত হওয়ার আহ্বান জানান তিনি।

