পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
শনিবার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। তবে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান হুমায়ুন কবির। এ ছাড়া মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়ে তিনি বলেন, কোনো চাপের কারণে নয়, চাহিদা থাকায় বিমান কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে। পাশাপাশি মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে আগের সিন্ডিকেট ভেঙে ধাপে ধাপে কর্মী পাঠানোর কথা জানান প্রতিমন্ত্রী।

