প্রধান খবর

 হাইস্কুল শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে ‘আর্কিটেকচার ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’

সৃজনশীল তরুণ প্রজন্মকে স্থাপত্যশিল্পের প্রতি আগ্রহী করে তুলতে এবং এই পেশার বাস্তব অভিজ্ঞতা প্রদানে সিডনিতে সফলভাবে অনুষ্ঠিত হলো চতুর্থ ‘ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম ইন আর্কিটেকচার’। মেলবোর্ন ও সিডনির প্রবাসী নকশাবিদদের অলাভজনক মেলবন্ধনের ধারা বজায় রেখে ‘ideas Architects’-এর আয়োজনে এ বছর নবম থেকে দ্বাদশ শ্রেণির (Years 9–12) বাছাইকৃত দুই শিক্ষার্থী অংশ নেয়।

এক সপ্তাহব্যাপী আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে পরম্যাটা হাই স্কুলের প্রিয়াম সাহা (Priyam Saha) এবং মেনাই হাই স্কুলের পাওলো গ্যালিসিয়া (Paolo Galicia) চূড়ান্তভাবে অংশগ্রহণের সুযোগ পায়। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীরা পরিবেশবান্ধব স্থাপত্যচর্চা, প্রাচীন ও আধুনিক স্থাপত্যের ইতিহাস, ক্যাড (CAD) টুলসের ব্যবহার এবং পেশাদার নকশা তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

কর্মসূচির সমাপনী দিনে অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী পুরো সপ্তাহের শিখন অভিজ্ঞতা ও স্থাপত্য বিষয়ক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করে। প্রতিষ্ঠানের কর্ণধার স্থপতি ইফতেখার আবদুল্লাহ জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই পৃথিবীর জন্য স্থাপত্যের ভূমিকা নিয়ে তরুণ শিক্ষার্থীদের সুনির্দিষ্ট ও সচেতন চিন্তা পুরো টিমকে মুগ্ধ করেছে।

আয়োজনটি সফল করতে সার্বিক তত্ত্বাবধান ও ইন-হাউস প্রশিক্ষকের ভূমিকা পালন করেন স্থপতি নাজমুস সাকিব এবং স্থপতি তাইরিন মাহবুব। আয়োজক প্রতিষ্ঠানটি দুই প্রদীপ্ত শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং আগামী বছরেও নতুন দুই তরুণ প্রতিভাকে স্বাগত জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার এই উদ্যোগ সিডনির প্রবাসী ও স্থানীয় তরুণদের পেশাগত বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *