বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ও সংকটময় মুহূর্তে দেশের সাধারণ মানুষ সব সময় জাতীয়তাবাদী দল বা বিএনপির ওপরই পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার পর ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের পরবর্তী ভঙ্গুর অর্থনীতি ও নাজুক অবস্থা থেকে জাতিকে উদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কঠোর পরিশ্রম ও সঠিক নীতিমালার মাধ্যমে দেশকে খাদ্য ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথ দেখিয়েছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর এবং ২০০১ সালে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে দায়িত্ব নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশকে সংকটমুক্ত করে উন্নয়ন ও গণতন্ত্রের সুবাতাস ফিরিয়ে আনেন।
তারেক রহমান বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। জাতীয় জীবনের প্রতিটি ক্রান্তিকালে বিএনপি দেশের হাল ধরেছে এবং দেশকে সংকটমুক্ত করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে। ভবিষ্যতেও জনগণের এই আস্থাকে সম্মান জানিয়ে দেশ গড়ার কাজ অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

