প্রধান খবর

বিশ্বব্যাপী ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডের মার্চ মাসের সর্বশেষ চিত্র!

বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতির নিয়মিত আপডেট প্রদান করে থাকে স্পিডটেস্ট (Speedtest.net) নামের ওয়েবসাইটটি। তাদের প্রকাশিত গ্লোবাল ইনডেক্স রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের মার্চ মাসে বিশ্বব্যাপী গড় ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড ছিল ১২০.৫২ এমবিপিএস এবং গড় আপলোড স্পিড ছিল ৬০.৩৫ এমবিপিএস।

বিশ্বের মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে দ্রুত ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় পূর্ব এশিয়ার ছোট্ট দেশ সিঙ্গাপুরে। চলতি বছরের মার্চ মাসের হিসেব অনুযায়ী, স্পিডটেস্ট তালিকায় প্রথম স্থানে থাকা সিঙ্গাপুরের গড় ডাউনলোড স্পিড ছিল ৪২৫.৪৬ এমবিপিএস। একই সময়ে, মোবাইল ইন্টারনেট স্পিডের দিক দিয়ে গড়ে ৬৪৪.৬৬ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

উচ্চগতির ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহারের দিক দিয়ে ২০২৬ সালের মার্চ মাসে ৩৮৪.৫১ এমবিপিএস স্পিড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং তৃতীয় স্থানে থাকা হংকং-এর গড় ডাউনলোড স্পিড ছিল ৩৫২.৪০ এমবিপিএস। একই তালিকায় চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের গতি ৩৫২.৩৫ এমবিপিএস এবং পঞ্চম স্থানে থাকা আইসল্যান্ডের ডাউনলোড স্পিড ছিল ৩৪৭.৩০ এমবিপিএস।

আবার, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড স্পিডের দিক দিয়ে চিলি ষষ্ঠ স্থানে (৩৩৪.৯৯ এমবিপিএস), সপ্তম স্থানে ম্যাকাউ (৩১৮.০৫ এমবিপিএস), অষ্টম স্থানে যুক্তরাষ্ট্র (৩০৯.৮০ এমবিপিএস), নবম স্থানে সুইজারল্যান্ড (২৯২.৫৬ এমবিপিএস) এবং দশম স্থানে রয়েছে ডেনমার্ক (২৯১.৬০ এমবিপিএস)।

এশিয়ার অন্যতম প্রযুক্তিনির্ভর দেশগুলোর মধ্যে ২৫৫.২৭ এমবিপিএস গতি নিয়ে জাপান ২০তম, আর দক্ষিণ কোরিয়া ২৫৭.৭৬ এমবিপিএস নিয়ে ১৯তম স্থানে রয়েছে। অন্যদিকে, বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীন ২০৬.৯১ এমবিপিএস নিয়ে ৩৫তম স্থানে এবং ১৭২.২৪ এমবিপিএস গতি নিয়ে যুক্তরাজ্য ৪২তম স্থানে রয়েছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা মেরুকরণ দেখা গেছে। ইসরাইল ২৮১.২৯ এমবিপিএস নিয়ে ১৩তম স্থানে থাকলেও, ইরানের গতি মাত্র ২৬ এমবিপিএস, যা তাদেরকে ১৩৫তম স্থানে রেখেছে। অন্যদিকে, সৌদি আরব ১৬৭.৯৩ এমবিপিএস নিয়ে ৪৬তম এবং কাতার ২১১.৯৭ এমবিপিএস নিয়ে ৩৩তম স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফিক্সড ব্রডব্যান্ডের গতি বিবেচনায় বাংলাদেশ ৬৬.০২ এমবিপিএস নিয়ে ৯৮তম স্থানে, নেপাল ৮৪.৩৪ এমবিপিএস নিয়ে ৯০তম স্থানে এবং ভারত ৬০.৮৫ এমবিপিএস নিয়ে ১০১তম স্থানে অবস্থান করছে। এছাড়া, ৩৮.৬১ এমবিপিএস নিয়ে শ্রীলঙ্কা ১২৩তম এবং মাত্র ১৭.৯০ এমবিপিএস নিয়ে পাকিস্তান ১৪৩তম স্থানে রয়েছে।

তবে, তালিকার একেবারে নিচের দিকে তাকালে দেখা যায় যে, ৪.৯৩ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে আফগানিস্তান ১৫১তম এবং মাত্র ৩.৮৩ এমবিপিএস স্পিড নিয়ে কিউবা সবার নিচে ১৫৩তম রয়েছে। অন্যদিকে, মোবাইল ইন্টারনেটের সেবার দিক থেকে ৪.৭৫ এমবিপিএস ডাউনলোড স্পিড নিয়ে এরিত্রিয়া রয়েছে ১০৫তম স্থানে।

লেখা : সিরাজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *