নাটোরের গুরুদাসপুরে অবস্থিত রোজী মোজাম্মেল মহিলা কলেজ-এর দুই শিক্ষককে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১২ এপ্রিল) কলেজ চলাকালীন পার্সেল খুলে এ অস্বাভাবিক বস্তু দেখতে পেয়ে শিক্ষক ও সহকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষকরা হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে তাদের নামে দুটি পার্সেল কলেজে পৌঁছায়। রোববার সেগুলো খুলে দেখা যায়, প্রতিটি খামে ভাঁজ করা নতুন কাফনের কাপড় রাখা ছিল।
ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়গুলো জব্দ করে। প্রেরক হিসেবে পার্সেলগুলোতে ভিন্ন দুই ব্যক্তির নাম ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঠিকানা উল্লেখ ছিল বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, তারা প্রেরকদের কাউকেই চেনেন না এবং কারো সঙ্গে তাদের কোনো বিরোধও নেই। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মন্জুরুল আলম বলেন, ঘটনাটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং এর পেছনের কারণ উদঘাটনে কাজ চলছে।

