ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ২৪ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ২ লাখ ৭ হাজার ৯০৫ জন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরাও দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে পূর্ব নির্ধারিত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

