পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ে পুরো সময় ছুটি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী রমজান মাসের প্রথম ১৮ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অসুবিধাজনক বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনকারী সরকারের এই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির আবেদন জানান। একই সঙ্গে রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।
অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল বলেন, রমজান মাসে মাদ্রাসাগুলোতে পূর্ণকালীন ছুটি থাকলেও বিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। এ অবস্থায় বিষয়টি আদালতের হস্তক্ষেপ দাবি করে বলে তিনি মত প্রকাশ করেন।

