আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

