দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি বুধবার থেকে সোনার নতুন মূল্য কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
বাজুস জানায়, বৈশ্বিক বাজারে সোনার দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্য অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৭৪৫ ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
শুধু সোনা নয়, রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার এক ভরি এখন ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা।

