প্রধান খবর

শনিবার থেকে দেশের সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

আগামী শনিবার থেকে দেশের সব কারখানা চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান।

শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও তাদের কথা শোনার দায়িত্ব আছে। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

তিনি জানান, শ্রমিক নেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের পাশাপাশি বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও সহযোগিতা করেছেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরাই বাংলাদেশের শক্তি। শ্রমিকদের উৎপাদন বাড়ানো এবং মালিকদের আয় বাড়লে বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কারণে যেন শিল্পকারখানা বন্ধ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *