ঢালিউডের সোনালী যুগের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম নেওয়া এই গুণী শিল্পী পরবর্তীতে সপরিবারে পাঞ্জাবে চলে যান। তবে ভাগ্যের টানে তিনি এসে পৌঁছান ঢাকার চলচ্চিত্র অঙ্গনে। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। কিন্তু তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী আসন গড়ে নেন ইলিয়াস জাভেদ। নাচ, অ্যাকশন আর পর্দা কাঁপানো উপস্থিতির জন্য সত্তর ও আশির দশকে তিনি ছিলেন দর্শকদের অন্যতম প্রিয় মুখ।
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৪ সালে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে। জীবনের শেষ কয়েক বছর ক্যানসারে আক্রান্ত হয়ে নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

