অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) পার্লামেন্টে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি মোশন উত্থাপন করা হয়েছে।
সোমবার, ২৩ মার্চ ২০২৬, পার্লামেন্ট সদস্য অ্যাবিগেইল বয়েড এই মোশনটি উপস্থাপন করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।
মোশনে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।
এতে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছরের একদলীয় শাসনের অবসানের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা।
মোশনে জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয় অর্জন করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ শতাংশ।
প্রস্তাবে “জুলাই ন্যাশনাল চার্টার”–সংক্রান্ত সাংবিধানিক গণভোটের কথাও উল্লেখ করা হয়, যেখানে প্রায় ৬০ শতাংশ ভোটার এর পক্ষে মত দেন। চার্টারে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার সংস্কারের জন্য ৮০টিরও বেশি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
মোশনের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে তাদের নির্বাচনী বিজয়ের জন্য আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়।

