প্রধান খবর

ইতালির স্কুলে বোরকা ও হিজাব নিষিদ্ধ, চূড়ান্ত আইন পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর বিধিনিষেধ আরোপ করে আলোচিত শিক্ষা সংস্কার আইন চূড়ান্তভাবে পাস করেছে ইতালির পার্লামেন্ট। নতুন এই আইনের মাধ্যমে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখার পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শ্রেণিকক্ষগুলোতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আইনের বিধান অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা বা নিকাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। শিক্ষার্থী নাবালক হলে সেক্ষেত্রে তার বাবা-মা বা আইনি অভিভাবককে এই জরিমানার জন্য দায়ী করা হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

গত ২৬ নভেম্বর ইতালির পার্লামেন্ট (পার্লামেন্তো ইতালিয়ানো)-এর নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’-এ বিলটি পাস হয়। ভোটাভুটিতে আইনটির পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে, আর ৪ জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন। এর আগে গত ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ ‘সিনেটে’ আইনটি পাস হয়েছিল। ফলে উভয়কক্ষের অনুমোদনে এটি চূড়ান্ত আইনে পরিণত হলো।

আইন পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি একটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর মূল লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

নতুন বিধান অনুযায়ী, প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতির ওপর ৩০ শতাংশের সীমা আরোপ করা হয়েছে। তবে যেসব বিদেশি শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মিলানে আয়োজিত এক জনসভায় প্রথম এই শিক্ষা সংস্কার আইনের ঘোষণা দেন জর্জিয়া মেলোনি। ওই সময় তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে এবং ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না যা তরুণী বা কিশোরীদের মুখ ঢেকে চলতে উৎসাহিত করে। পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভা এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে এবং তার দুই মাস পর পার্লামেন্টে আইনটি চূড়ান্ত অনুমোদন পেল।

তবে এই আইন পাসের পর তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা জানিয়েছে ইতালির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নতুন আইনটি ইতালির শিক্ষা ব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়েছে; বরং এ ধরনের পদক্ষেপ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *