ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা ও মাকেও গ্রেপ্তার করা হয়েছে। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) শিব শঙ্কর সাহু ও তার ভাই নবীন সাহু নিজেদের স্ত্রীদের হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর শিব শঙ্করের মালিকানাধীন অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে দুই জা-এর মধ্যে বিরোধ চলছিল, যার জেরে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পরদিন অভিযুক্ত দুই ভাই থানায় গিয়ে দাবি করেন যে তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্ত্রীদের হত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের পাশাপাশি তাদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। ঘটনার নেপথ্যের বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট সবার ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

