নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সঠিক সংখ্যা না জানালেও ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি।
মুসা মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটির কথা জানা গেছে। যাত্রীরা চালককে তীরের দিকে নৌকা ভেড়ানোর অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পরপরই নৌকার চালক পালিয়ে যান, তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার তাগিদ দিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে; কারণ কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।
নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে কার্যকর না হওয়ায় দেশটিতে প্রায়ই লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ নৌযান চলাচল করে, যা বড় ধরনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

