অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এই আয়োজনে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
গত ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময় পর্বে দেশের সাম্প্রতিক ও সামগ্রিক বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং নানা প্রশ্ন তুলে ধরেন। ডা. শফিকুর রহমান সেসব প্রশ্নের উত্তর দেন; পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান এমপি বলেন, জীবনে বড় কিছু করতে হলে সবার আগে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যথাযথ শিক্ষা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার তাগিদ দেন তিনি। তাঁর মতে, শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা শিক্ষা অর্জন করলেই যথেষ্ট নয়; বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের প্রকৃত যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, জাতির তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখা যায়। সবশেষে উপস্থিত তরুণদের আত্মগঠনের প্রচেষ্টায় মনোযোগী ও নিবেদিত হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

