প্রধান খবর

বক্স অফিস সাফল্যের মধ্যেই বিতর্কে ‘রামায়ণ’: নিষিদ্ধের দাবি

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। তবে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমার সাফল্যের মাঝেই ছবিটির প্রদর্শনী বন্ধ এবং সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে অহেতুক মহিমান্বিত করা হয়েছে এবং মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক লিখিত বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া দেশের সব প্রেক্ষাগৃহে অবিলম্বে সিনেমাটির প্রদর্শনী বন্ধের দাবি জানান। তিনি অভিযোগ করেন, ‘রামায়ণ’ সিনেমার মধ্য দিয়ে মূলত রাজনৈতিক প্রচারের চেষ্টা করা হয়েছে এবং মহর্ষি বাল্মীকির রামায়ণের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অহল্যার শাপমুক্তি এবং নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্বের মতো অবিচ্ছেদ্য ঘটনাগুলো সিনেমায় বাদ দেওয়া হয়েছে।

রাবণকে নায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টার বিষয়েও তীব্র আপত্তি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। তার ভাষ্যমতে, রাবণ জ্ঞান, ভক্তি ও শক্তির অধিকারী হলেও নৈতিকতা থেকে বিচ্যুত ছিলেন এবং অহংকারের বশে সৃষ্টির প্রতিটি জীবের ওপর অত্যাচার চালিয়েছিলেন। অথচ সিনেমায় তাকে কার্যত নায়কের ভূমিকায় তুলে ধরা হয়েছে।

বজরংলাল আরও দাবি করেন, ঋষি-মুনিদের সাধনা ও যজ্ঞে বাধা সৃষ্টিকারী রাক্ষসদের দমন করতেই রাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু সিনেমায় বিষয়টিকে রাম ও রাবণের ব্যক্তিগত শত্রুতা হিসেবে দেখানো হয়েছে, যা কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের অবহেলা সমাজ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। অভিনয়ের পাশাপাশি নমিত মালহোত্রার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করেছেন যশ। গত ৫ নভেম্বর মুক্তির পর থেকে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৪ কোটি ৬০ লাখ টাকা। তবে অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের মধ্যেই এই নিষেধাজ্ঞার দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *