শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন আবাসিক শিক্ষার্থীরা। এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনেই তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজিব গেটটি খুলে দেন। গেট খোলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, পকেট গেটটি বন্ধ থাকায় দৈনন্দিন যাতায়াতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় বাড়তি সময় ও অর্থ খরচ হচ্ছিল। এ কারণেই তারা গেটটি পুনরায় চালুর দাবি জানান।
এর আগে ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
হলপাড়াসহ আশপাশের কয়েকটি আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। এটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে ঢুকতে হচ্ছিল। এতে প্রতিবার অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া গুনতে হতো, আর হেঁটে এলে আধা ঘণ্টার বেশি সময় নষ্ট হতো বলে জানান শিক্ষার্থীরা।