প্রধান খবর

আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি

গত মে মাসে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, দেশের মানুষ সেই আহ্বানে সাড়া দেওয়ায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে এবং সাধারণ মানুষ এখন তাকে অর্থ বাঁচিয়ে দেওয়ার কৃতিত্ব দিচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি। নিজের আগের অনুরোধের কথা স্মরণ করে তিনি জানান, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কিনতে দেশবাসীকে অনুরোধ করেছিলেন। ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে নিজের এই আহ্বানকে তুলনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, সে সময় দেশবাসী শাস্ত্রীর ডাকে সাড়া দিয়েছিল এবং ভারতীয়দের সেই চরিত্র এখনো অটুট রয়েছে। তার মতে, একজন সাধারণ মানুষের অনুরোধে দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে এসেছে।

বাজারের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। প্রধানমন্ত্রীর আহ্বানের একদিন আগে, অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৫ হাজার ২৫০ রুপি থাকলেও তা কমে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপিতে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। ওই প্রেক্ষাপটেই স্বর্ণ কেনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন মোদি। সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তাই জাতীয় স্বার্থে এক বছর স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া উচিত।

এ ছাড়া নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ কমানোরও অনুরোধ জানিয়েছিলেন তিনি। পরে সেপ্টেম্বরেও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *