৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে মাতৃত্বকে মূল উপজীব্য করে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে ধরা দিয়েছেন তিনি এবং দিয়েছেন বিশ্বজনীন ভালোবাসার বার্তা।
‘মাদারহুড-আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমে নিজের জাতীয় পোশাকটি সাজিয়েছেন মাহি। এই উপস্থাপনার মাধ্যমে মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃত্বের গভীর তাৎপর্য তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মাহি লিখেছেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। নিজের দেশ বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই পোশাককে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
মাহির ভাষ্য অনুযায়ী, এই কস্টিউমে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে আজীবন আগলে রাখার অঙ্গীকার ফুটে উঠেছে। পোশাকের প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বলে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমা ছাড়িয়ে সব মানুষের হৃদয় স্পর্শ করতে পারে।
প্রকাশিত ছবিতে মাহিকে সাদা ও লাল রঙের শাড়িতে দেখা গেছে; যার সঙ্গে যুক্ত হয়েছে লাল রঙের নান্দনিক অলংকরণ। পেছনের বৃত্তাকার কাঠামোয় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব, যা উপস্থাপনায় যোগ করেছে আলাদা মাত্রা।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেদিনই চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।