প্রধান খবর

মেসিদের হতাশার রাত: বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

গঞ্জালো তাপিয়ার জোড়া গোল এবং গোলকিপার প্যাট্রিক শুলটের দুর্দান্ত পাঁচটি সেভে চমকে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে সপ্তম বাছাই কলাম্বাস ক্রু।

পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কলাম্বাসের দুর্দান্ত ফর্মের সামনে দাঁড়াতে পারেনি দ্বিতীয় বাছাই মায়ামি। গত ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের ১৫তম স্থানে থাকা কলাম্বাস টানা ছয়টি রেগুলার সিজনের ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে, যা বর্তমান লিগের দীর্ঘতম জয়ের ধারা।

চলতি বছর উদ্বোধন হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে আরও একটি হতাশাজনক রাত কাটাল মায়ামি। এপ্রিলে অভিষেকের পর থেকে এই ভেন্যুতে ১৭টি রেগুলার সিজনের ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে তারা, আর শনিবারই প্রথম এখানে কোনো গোল করতে ব্যর্থ হলো। আগামী শুক্রবার ওহাইওর কলাম্বাসে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মায়ামি; তবে জিতলে ১-১ সমতায় সিরিজ গড়াবে তৃতীয় ম্যাচে।

ম্যাচের অষ্টম মিনিটে মায়ামি গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার লাইন ছেড়ে বেরিয়ে এসে বক্সের ভেতর তাপিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় কলাম্বাস। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন তাপিয়া। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হারব্রোনে এবং ছয় মিনিট পর তাপিয়ার আরেকটি শট সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় সফরকারীদের।

এর আগে প্রথমার্ধে একাই চারটি গোল বাঁচিয়ে মায়ামিকে হতাশ করেন কলাম্বাস গোলকিপার শুলটে। ২৩তম মিনিটে মেসিকে খুব কাছ থেকে রুখে দেওয়ার পর ৩১তম মিনিটে তার একটি ফ্রি-কিকও ঠেকিয়ে দেন তিনি। ৩৬তম মিনিটে গঞ্জালো লুজান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে মেজাজ হারিয়ে তাপিয়ার মুখের পাশে বল মেরে হলুদ কার্ড দেখেন মেসি; বিরতিতে মাঠ ছাড়ার সময় নিজ দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয় মায়ামি খেলোয়াড়দের।

অবশ্য ম্যাচের কিক-অফের আগে টানা দ্বিতীয় মৌসুমের শীর্ষ গোলদাতা হিসেবে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন মায়ামির সহ-মালিক জর্জ মাস। রেগুলার সিজনে ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করা মেসি ষষ্ঠ এমএলএস খেলোয়াড় হিসেবে একাধিক গোল্ডেন বুট জিতলেন এবং টানা তৃতীয় এমভিপি পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *